উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর মোট ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষরোপণ সেলের সহায়ক টাস্কফোর্সের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষরোপণকে একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার তাগিদ দেন।
সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রার মধ্যে নিজস্বভাবে উৎপাদিত প্রায় ৩ কোটি ৮২ লাখ এবং নিজস্ব অর্থায়নে সংগৃহীত প্রায় ১ কোটি ৩৩ লাখ চারা রোপণ ও পরিচর্যার পরিকল্পনা রয়েছে। এর বাইরে এনজিও বিষয়ক ব্যুরোর তথ্যানুযায়ী এনজিওগুলো ২৫ লাখ চারা রোপণ করেছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপণের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু সংখ্যা বাড়ালেই হবে না, রোপণ করা চারা যাতে বেঁচে থাকে সেজন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এজন্য পরবর্তী চার বছরের পরিচর্যা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি স্থানীয় প্রতিবেশের উপযোগী দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছকে অগ্রাধিকার দিয়ে নদী, খাল, বেড়িবাঁধ, সড়ক ও রেলপথের পাশে পরিকল্পিত বৃক্ষরোপণের পরামর্শ দেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, বন অধিদপ্তরের প্রতিনিধি, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কারিগরি বিশেষজ্ঞ মো. জামাইল বশীর জেবি, প্রকৌশলী শাহ আদনান মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।