উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৯ অক্টোবর রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। এতে বিশ্বের ২০টির বেশি দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। তিনি জানান, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মেলায় চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি বুথ ও স্টলের মাধ্যমে ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবে। আয়োজনে ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা, আড়াই হাজার বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। মেলাটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, বিগত ১৩টি আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মেলা বৈশ্বিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি সুদৃঢ় করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই এ আয়োজনে সহযোগিতা করছে।