উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসে আট হাজার টাকা ভাতা ও পরিবারের বাজার খরচের প্রলোভন দেখিয়ে অসহায় শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা শারমিন আক্তার ওরফে ইসমত আরাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কক্সবাজার থেকে শিশুদের পাকস্থলীতে ইয়াবার প্যাকেট ঢুকিয়ে তা চট্টগ্রামে পাচার করা হতো। উদ্ধার হওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পেট থেকে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা বের করা হয়।
উদ্ধার হওয়া শিশুদের বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায়, যাদের বয়স ৯ ও ১২ বছর। ৯ বছর বয়সী শিশুর পেট থেকে ৩ হাজার ৩০০ এবং ১২ বছর বয়সী শিশুর পেট থেকে ৩ হাজার ৩১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার শারমিন আক্তারকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।