উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হলে অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে, তবেই সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশ নিশ্চিত হবে।
বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. আবিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. জানে আলম মৃধা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, ডা. মোহাম্মদ তৌহিদুর রহমান এবং অধ্যাপক মো. জিন্নু রাইন। এছাড়াও দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।
মন্ত্রী আগামী ৫০ বছরের জন্য দীর্ঘমেয়াদি ও সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের জাতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তে পরামর্শ দিয়ে সরকারকে সহায়তার আহ্বান জানান। একইসঙ্গে মরণোত্তর চক্ষু ও অঙ্গদানের মতো মহৎ উদ্যোগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দেশের প্রায় ৫ শতাংশ শিশু জন্মগতভাবে বিভিন্ন চক্ষু সমস্যায় আক্রান্ত। সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলোর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব বলে তারা উল্লেখ করেন। দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।