উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৫ আগস্ট এমভি এমসিসি ডানাং জাহাজ থেকে খালাস করা ৪০ ফুটের ওই কনটেইনারটিতে গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের ৬৬৮ বেল ফেব্রিক্স ছিল, যা এক সপ্তাহ পার হলেও এখনো খুঁজে পাওয়া যায়নি।
আমদানিকারকের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস আর এস সিন্ডিকেট সব ধরনের রাজস্ব ও চার্জ পরিশোধ করে গত ৩০ আগস্ট পণ্যটি ডেলিভারি নিতে যায়। কিন্তু বন্দরের সিসিটি ইয়ার্ডে গিয়ে তারা কনটেইনারটির কোনো হদিস পায়নি। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে, যেখানে কাস্টমসের একজন প্রতিনিধিও রয়েছেন। সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত বন্দর এলাকা থেকে একটি আস্ত কনটেইনার কীভাবে গায়েব হলো, তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে।