উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সড়ক নিরাপত্তায় নেওয়া প্রকল্পগুলোর অর্থের যথাযথ ব্যবহার ও অর্জিত জ্ঞানের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, প্রকল্প শেষে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কতটা কাজে লাগছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, প্রকল্পগুলো কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যাবে না। দুর্ঘটনার সঠিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ এবং সড়ককে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রকল্পের সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২-২০২৬ মেয়াদে এডিবি ও জেএফপিআর-এর সহায়তায় সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে কর্মশালায় জানানো হয়।