উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সবুজবাগে ত্রিভুজ প্রেমের জেরে খুন হয়েছেন কাতারপ্রবাসী সিফাত উল্লাহ। দেড় মাস আগে দেশে ফেরা সিফাতের সঙ্গে প্রেম ছিল নাফিজা শেখ নেহার, তবে একই তরুণীর সঙ্গে সাজিদুল ইসলাম সাজিদেরও দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল। গত ২৫ আগস্ট নেহার জন্মদিনের অনুষ্ঠানে বিষয়টি জানাজানি হলে সাজিদের সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে।
ঘটনার দিন ৬ সেপ্টেম্বর বিকেলে মাদারটেকের ভাড়া বাসায় নেহার সঙ্গে দেখা করতে যান সিফাত। খবর পেয়ে আল আমিন হোসেন জয় ও তার সহযোগীরা সেখানে গিয়ে সিফাতের সঙ্গে তর্কে জড়ায়। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সিফাতের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা, এক পর্যায়ে ইট ছুঁড়ে তাকে ফেলে দিয়ে লাঠি ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি আল আমিন হোসেন জয় ও সাজিদুল ইসলাম সাজিদকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।