উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই বৃষ্টির প্রভাবে গঙ্গা, পদ্মা, গড়াই, মাথাভাঙা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে।
বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিনও এই অবস্থা বজায় থাকতে পারে। তবে গঙ্গার পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন এই ধারা অব্যাহত থাকতে পারে।
পদ্মার পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে এবং চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এছাড়া গড়াই ও মাথাভাঙা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে, যার ফলে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।