উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাৎকালে উপদেষ্টা সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা এবং বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট কোনো দলের বাইরে গিয়ে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন।
ভারতীয় হাইকমিশনার দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার বিষয়টি উল্লেখ করেন। এছাড়া তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।