উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মনি। প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন,
সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা ড. মেজবাহুর রহমান প্রধান(মেজবা)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোও সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে সাংবাদিকদের যাতে অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে পুলিশ সহযোগিতামূলক ভূমিকা রাখবে এসময় সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়েরও আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ (সালাফি) সাংবাদিকদের সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে এলাকার বাস্তব চিত্র তুলে ধরতে হবে। অন্যায়ভাবে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার পুনর্গঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন। পরে সংগঠনের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বশীলতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।