উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের আমিনবাজারে প্রাইভেটকার রাখা নিয়ে বিরোধের জেরে স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাফ হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গত ৫ সেপ্টেম্বর রাতে বড়দেশি মদিনা হাউজিং এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল এই নৃশংস হামলা চালায়।
হামলায় নিহত এসআই আলতাফ হোসেনের ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পরপরই আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
রোববার ঢাকা জেলা পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ ধরনের হামলা আইনের শাসন ও জননিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিহত কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছে সংগঠনটি।