উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশি কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয় পক্ষ একমত হয়েছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস চালু হলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।