উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের উদ্যোগ ও বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির ফলে আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ ব্যবস্থা পূর্বাবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), যার বিপরীতে সরবরাহ রয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ এমএমসিএফডি। তিনি স্বীকার করেন যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের একটি ব্যর্থতা এবং জনগণের ভোগান্তির বিষয়টি সরকার গভীরভাবে উপলব্ধি করে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পূর্ববর্তী সরকারের আমদানিনির্ভরতা ও অব্যবস্থাপনার কারণে অর্থনীতি বর্তমানে বড় ধরনের চাপের মুখে পড়েছে। সংকট মোকাবিলায় সরকার ডিজেল মজুত ৩২ দিনের চাহিদার সমপর্যায়ে উন্নীত করেছে এবং ৯০ দিনের কৌশলগত মজুত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
সেমিনারে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল উৎপাদন সক্ষমতা বাড়ানোই যথেষ্ট নয়, বরং সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।