উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) এই ট্রেনগুলো চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। এছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহও জানানো হবে। তবে ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকে আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মুখে নিরাপত্তা বিবেচনায় ট্রেনগুলোর চলাচল স্থগিত করা হয়। এরপর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও ট্রেন যোগাযোগ আর স্বাভাবিক হয়নি। সর্বশেষ গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।