উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহ আলীতে ছুরিকাঘাতে আহত মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সোয়া ৬টায় তিনি মারা যান। শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মধ্যরাতে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায়, পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছে সে। পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন এবং সাইনবোর্ড তৈরির কাজ করতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।