উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার বিকেলে পার্ক এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ।
ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণসহ সব সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এছাড়া সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।