উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান পার্লামেন্টারি ডায়ালগ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ সংলাপে এই আহ্বান জানানো হয়।
সংলাপে বক্তব্য দেওয়ার সময় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, জলবায়ু পরিবর্তনের মতো আন্তঃসীমান্ত সংকট কোনো একক দেশের বিচ্ছিন্ন উদ্যোগে মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বৈশ্বিক সহমর্মিতা ও সম্মিলিত পদক্ষেপ। দুই দিনের এই সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভুটানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সাংয়ে খান্ডুও উপস্থিত ছিলেন।
সাউথ এশিয়ান পার্লামেন্টারিয়ানস ফোরামের (এসএআরপিএফ) চেয়ারম্যান ড. সঞ্জয় জয়সওয়ালের সভাপতিত্বে সংলাপে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন জাহারাত আদিব চৌধুরী এবং ভুটানের জলবায়ু ও পরিবেশবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লিয়নপো ইয়ুনতেন ফুনশো বক্তব্য রাখেন। এ ছাড়া বিভিন্ন দেশের সংসদ সদস্য ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
সংলাপে অংশগ্রহণকারীরা দুর্যোগের পর ক্ষয়ক্ষতি মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন থেকেই দুর্যোগ প্রতিরোধ, জলবায়ু সহনশীলতা এবং সমন্বিত প্রস্তুতিতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছরগুলোতে আরও কোটি কোটি মানুষ জলবায়ুজনিত ঝুঁকিতে পড়তে পারেন।