উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামের এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইদুলের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে আঘাত পায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. তৌহিদুল আলম।