উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন ভালো কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির জন্য একটি আধুনিক ও স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বিএসইসি। এরই অংশ হিসেবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন করে জনমতের জন্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার আগারগাঁও কার্যালয়ে খসড়া বিধিমালা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় ডিএসই, সিএসই, মার্চেন্ট ব্যাংক এবং বিভিন্ন তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বিএসইসি চেয়ারম্যান জানান, ভালো ও স্বনামধন্য বৃহৎ কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে সম্পৃক্ত করে বাজারের গভীরতা ও পরিধি বাড়াতে চায় কমিশন। এতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
অংশগ্রহণকারীরা সরাসরি তালিকাভুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া আইপিও বিধিমালা বাস্তবসম্মত করতে কমিশন কাজ করছে বলে সভায় জানানো হয়।