উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মাছুম বিল্লাহ এবং তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, মাছুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। তার এই কর্মকাণ্ড সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ২ খ ধারা অনুযায়ী অসদাচরণের শামিল। একই বিধিমালার ৩ খ অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ মনে করেছে যে এই পরিস্থিতিতে উক্ত বিধিমালার ১২ ১ ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।