উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ৬ সেপ্টেম্বর বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিফাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু হাসান জানান, নেহা নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। সিফাতের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এবং তার বাবার নাম জয়নাল আবেদীন।
বান্ধবী নাজিফা শেখ নেহা জানান, বিকেলে সিফাত আদর্শপাড়া এলাকায় তার সঙ্গে দেখা করতে গেলে জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জনের একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মুগদা হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের ওসেক সেন্টারে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।