উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বলেছেন, কোনো কোম্পানি বন্ধ করে দেওয়া হলে দেশের অর্থনীতির ওপর তার প্রভাব হিসাব করতে হবে। আবেগের ওপর অর্থনীতি চলে না এবং আইনের ওপর অর্থনীতি চলতে হবে বলে তিনি মন্তব্য করেন। আজ রোববার জাতীয় সংসদে এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে নিলামে না তুলে নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ব্যক্তিগতভাবে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিচার হবে এবং তাদের বিচার চলছে ও চলতে থাকবে। ব্যক্তির পরিচয় আর প্রতিষ্ঠানের পরিচয় ভিন্ন উল্লেখ করে তিনি জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি থাকলে তার মামলা ও জেল হতে পারে, কিন্তু কোম্পানি একটি লিগ্যাল বডি হওয়ায় তার কার্যক্রম চলতে দিতে হবে।
সংসদে রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন, ২০২৬ ভিত্তিক এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকের, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। এই ঋণের বোঝা কমানোর লক্ষ্যে সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করছে।