উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডাকঘরের আধুনিকায়নে একটি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান জানতে চান, দেশের জরাজীর্ণ ও পরিত্যক্ত ডাকঘরগুলোকে স্মার্ট সার্ভিস পয়েন্ট, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় কি না। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও পাসপোর্টের আবেদনের মতো সরকারি সেবাও ডাকঘরের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, তা-ও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী জানান যে ডাকঘরগুলোর ব্যবহার বাড়ানো ও আধুনিক করার বিষয়ে সরকার কাজ করছে এবং সারা দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে। বিদেশে যেভাবে ডাকঘর ব্যবহার করা হয়, বাংলাদেশেও সেভাবে ডাকঘরগুলোকে আধুনিক করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, রোববার সকালেই একটি চীনা কোম্পানির সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে এবং ওই কোম্পানি বিনিয়োগ করতে চায়। তারা ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো, জনবল ও কার্যালয় ব্যবহার করতে চায় এবং এ বিষয়ে কোম্পানিটি সরকারকে একটি প্রস্তাব দিয়েছে।