উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে বিদ্যমান বিভিন্ন সংকটের সমাধানে সরকার ব্যর্থ হলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা ছাড়া ভাব রয়েছে। তারা ইউক্রেন বা ইরান যুদ্ধের দোহাই দিয়ে অথবা আগের সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চাইছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা কেবল দুঃখ প্রকাশ করেই দায় সারছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
নির্বাচনের পর ছয় মাস অতিবাহিত হলেও সরকার কোনো সংকট নিরসন করতে পারেনি বলে দাবি করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, জ্বালানিসংকট, বিদ্যুৎ ও গ্যাসের অভাব এবং মূল্যস্ফীতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্পোৎপাদনে ধস এবং বেকারত্বের ফলে চুরি-ছিনতাই বেড়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।
সমাবেশে দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাষ্ট্রের সংকট সমাধান করা সরকারের প্রধান দায়িত্ব। সমস্যার কারণ যাই হোক না কেন, তা সমাধানের কোনো বিকল্প নেই। ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দ্রুত যোগ্যদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।