উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। এক শিক্ষককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার জেরে বৃহস্পতিবার রাতে ওসির সরকারি নম্বরে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের এক শিক্ষককে মারধরের ঘটনায় ওয়াকিল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনায় ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলার সময় ওয়াকিল হোসেন তার বাসার গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, এ ধরনের হুমকিতে তিনি ভীত নন এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট। বর্তমানে আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ এবং সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।