উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গণে আয়োজিত ধর্মমহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য কাজ করছে না। তিনি জানান, মসজিদে যে অনুদান দেওয়া হচ্ছে, মন্দিরেও একই অনুদান প্রদান করা হচ্ছে। একইভাবে মসজিদের ইমামদের মতো মন্দিরের পুরোহিতদেরও সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সব গোষ্ঠীর ভোটের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তিনি আরও বলেন, বিগত দিনে সমাজে যে বিভেদ তৈরি হয়েছে, তা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে সরকার সঠিক পথে এগোচ্ছে এবং সব গোষ্ঠীর কথা মাথায় রেখেই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার। এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, ভারতীয় সহকারী হাইকমিশনার হরিশ কুমারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ও রোববার দুই দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।