উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবুজায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিয়ামতপুরের হাসুরা মৌজায় আয়োজিত এই বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় ২০ কিলোমিটার দীর্ঘ এলাকায় ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। ক্রসড্রাম থেকে বেলট্রি এবং ভায়া হাসুরা মৌজার খাড়ির উভয় পাড়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত বনায়ন সম্প্রসারণ করা জরুরি। বিশেষ করে সড়ক ও খাড়ির পাশে গাছ লাগালে তা মাটির ক্ষয় রোধের পাশাপাশি জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেই সঙ্গে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।