উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মন্দিরটিকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, প্রত্যেক সম্প্রদায়ের অধিকার ও ধর্মীয় চর্চা সুরক্ষিত রাখা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতেও তারা বন্ধুদের সঙ্গে বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নিয়েছেন এবং এই সামাজিক বন্ধন অটুট রাখতে চান।
দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতীতে হওয়া হামলার বিচার না পাওয়ার প্রসঙ্গটি টেনে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিচারব্যবস্থাকে শক্তিশালী, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত থাকবে বলে তিনি মনে করেন।
সব ধর্মমতের মানুষ যেন নির্বিঘ্নে তাদের আচার পালন করতে পারেন, সেই বার্তা দিতেই তিনি মন্দিরে এসেছেন বলে জানান। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে বৈষম্যহীন মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সব ধর্মীয় উৎসবে তাদের উপস্থিতি অব্যাহত থাকবে।