উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন একে পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শুধু নাম বদলে র্যাবের জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে স্থানান্তর করা প্রকৃত সংস্কার হতে পারে না। তিনি আরও বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা বাহিনীর আদলে নতুন কিছু গঠন করা গ্রহণযোগ্য নয়। দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাষ্ট্র রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তানিয়া রব সভায় বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা অবশ্যই জনগণের অধিকার ও আইনের শাসনের অধীনে থাকতে হবে। কোনো বাহিনী বা প্রতিষ্ঠানই যেন জনগণের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করাই বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গীকার। সভায় জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।