উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৯৫ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।