উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত সময়ে কুইক রেন্টালের নামে কিছু ব্যক্তিকে সুবিধা দিয়ে অনিয়ম করেছিল ফ্যাসিস্ট সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, কুইক রেন্টালের মেয়াদ তিন বছর হওয়ার কথা থাকলেও ইনভেস্টমেন্ট রিকভারি হওয়ার পর প্রায় পূর্বের মূল্যেই বিদ্যুৎ কেনা হয়েছিল। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেন।
বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, দ্রুতই দেশের চলমান জ্বালানি সংকট নিরসনের সম্ভাবনা নেই তবে সরকারের পলিসি সাপোর্ট অব্যাহত থাকলে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে ঘাটতি মেটানো সম্ভব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল।
তিনি বলেন, পতিত সরকারের আমলের জ্বালানি খাতে ধারাবাহিক অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে যার মাশুল জনগণকে গুনতে হচ্ছে। উল্লেখ্য, আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটকে পরাজিত করে সরকারি বাঙলা কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।