উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে কেবল আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে বর্তমানে এই সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধার কারণে আমদানিতে সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেবল লংমার্চ বা কর্মসূচি না দিয়ে সংকট মোকাবিলায় সরকারকে সুনির্দিষ্ট পথ দেখানো উচিত।
সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত অচলাবস্থা তৈরি না করে সংকট সমাধানের উপায় বাতলে দেওয়া প্রয়োজন। অন্যথায় অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
অন্যদিকে, অন্য এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ পিছিয়ে যাবে। মেয়েদের এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে।