উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গাসহ দেশের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে।
বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে, যার প্রভাবে উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বাড়লেও পদ্মা নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী পাঁচ দিন প্রধান নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা থাকলেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলে আশা করা হচ্ছে।
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে। এছাড়া পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও হালদাসহ বেশ কিছু নদীর পানি বাড়লেও সুরমা ও কুশিয়ারার পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।