উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় দিনের বেলায় চুরির ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি যাওয়া ৭ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুটি নেকলেস, তিনটি চেইন, এক জোড়া কানের দুল ও একটি আংটি রয়েছে।
গত ২৮ জুলাই ব্যবসায়ী মো. আলমগীর মিয়ার বাসায় এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জসিম উদ্দিন, মোস্তাকিন হোসেন, সেতু দাস, মোহাম্মদ আলী, দেবব্রত বণিক, মো. ইসমাইল ও ফারজানা বেগমকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মোহাম্মদ আলী ও ফারজানা বেগম আদালতে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মোস্তাকিন হোসেনের বিরুদ্ধে ৯টি এবং মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।