উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর। তিনি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন। তবে বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত র্যালির আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার আলমগীর। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান। আপনার দেশে গত এক মাসে মুসলিম পাড়ায় পানি পাওয়া যায়নি, অথচ এ দেশে হিন্দু এলাকায় এক সেকেন্ডের জন্যও পানির অভাব হয়নি।
তিনি বলেন, শুভেন্দু চাচ্ছেন এ দেশে উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান— যারা এ দেশে বাস করি, সবাই ঐক্যবদ্ধ আছি। পাহাড়ি-সমতল কিংবা সব সম্প্রদায়কে নিয়ে দেশ গড়তে হবে এবং যে–কোনো ধরনের গুজব ও উসকানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভোমিক, মিন্টু নাথ, সাগর দে-সহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।