উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক এবং ধর্মীয় স্বাধীনতা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুর সালাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না এবং সব ধর্মাবলম্বীর উপাসনালয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমরা শুধু সংবিধানে ধারণ করে বসে থাকতে চাই না, বাস্তবে এই সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করব।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী যারাই হোক নিজ নিজ ধর্মচর্চা ও স্বাধীনতা বজায় রাখবেন, কিন্তু জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবার পরিচয় একটাই, সবার আগে বাংলাদেশ এবং তারপরে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আপনারা সবাই ধর্মের ভিত্তিতে নয়, বরং এদেশের সমান অধিকারভুক্ত একজন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেবেন।
তিনি আরও বলেন, আমরা ব্যাকরণগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা ব্যবহার করি, এর পরিবর্তে এখন থেকে আমরা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলব। সাম্প্রদায়িক শব্দটা উল্লেখ করার প্রয়োজন নেই, এটি হবে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি।