উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেএম সেন হলে গিয়ে শেষ হয়। মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
সিএমপি কমিশনার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরও উল্লেখ করেন, ধর্মের ভিত্তিতে নয় বরং জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে।
আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। তিনি বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য মানবপ্রেমের অবিনশ্বর বাণী দিয়ে গেছেন এবং নিয়মিত ধর্মচর্চার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব। মহাশোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে অনুষ্ঠানে গীতাপাঠ ও বিভিন্ন নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়।
আন্দরকিল্লা থেকে শুরু হওয়া এই মহাশোভাযাত্রাটি লালদীঘি পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, নন্দনকানন, ডিসি হিল ও চেরাগী পাহাড় মোড় ঘুরে জেএম সেন হলে গিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সম্মিলিতভাবে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।