উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বাস্তবায়নে সরকার ও বিরোধী দল উভয়ই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চ ২৪ আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পরও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নেই। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে এবং সমস্যাগুলোর যথাযথ সমাধান বা মোকাবিলা করতে পারছে না।
তাজুল ইসলাম আরও বলেন, যারা জুলাইয়ে অকাতরে জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার না হলে জনমনে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। সেই ক্ষোভ বাড়তে থাকলে রাষ্ট্রে আবারও আন্দোলনের পরিবেশ তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের কর্মকাণ্ডের গঠনমূলক বিরোধিতা ও বিকল্প পথ দেখাতে তারা ব্যর্থ হচ্ছে। ফলে জুলাইয়ের পর গঠিত সংসদে উভয় পক্ষই গণআকাঙ্ক্ষা বুঝতে পারেনি বলে মনে হচ্ছে।
গণঅভ্যুত্থান-পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ট্রানজিশনাল জাস্টিস’ বা অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের ধারণা নিয়ে কাজ করা প্রয়োজন। প্রধান অপরাধীদের বিচার না করলে সমাজে কখনো স্বস্তি ও শান্তি আসবে না এবং জাতীয় ঐক্যে বিভাজন বাড়বে।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন শফিকুল আলম, শারমিন এস মুরশেদ এবং এ এস এম শাহরিয়ার কবিরসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা জুলাইয়ের শহীদদের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।