উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে চলতি সেপ্টেম্বর ও আগামী অক্টোবরে চার বিভাগ অভিমুখে লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা করেছে দলটি। একক কর্মসূচির পাশাপাশি ১১–দলীয় ঐক্যের সঙ্গে ধারাবাহিক কর্মসূচিতে থাকবে তারা।
সরকারের ওপর চাপ তৈরি করতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১–দলীয় ঐক্যের প্রথম লংমার্চ শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা রয়েছে। সর্বশেষ ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সরকারের কাছে বড় রাজনৈতিক বার্তা দিতে চায় জোটটি।
লংমার্চ ও মহাসমাবেশের পাশাপাশি এনসিপি নিজেদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজও চালিয়ে যাচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও প্রস্তুতি নিচ্ছে দলটি। ইতিমধ্যে ৫টি সিটি করপোরেশন এবং ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে তারা।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, বিরোধী দল হিসেবে এনসিপি সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে চায়। সে জন্য সংসদে বক্তৃতার পাশাপাশি রাজপথের কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে।