উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধারের ঘটনায় মোট ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত আলামতসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৩, মতিঝিলে ৬৪, উত্তরা বিভাগে ৬০, গুলশানে ৫১, ওয়ারী বিভাগে ৪১, রমনা ও লালবাগ বিভাগে ৩২ জন করে এবং ডিবি পুলিশ ৭ জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসসহ নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।