উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে এবং বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান ওই সন্ত্রাসী।
সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ও তার বডিগার্ডসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর ও অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকির ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি বগাকে গ্রেপ্তার করতে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে ওসির গাড়ি ভাঙচুর করে। এ সুযোগে পরিবারের সদস্যদের সহযোগিতায় বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে সটকে পড়েন বগা। তবে পালানোর সময় তিনি মোবাইল ফোনে ও ভিডিও কলে পুলিশকে হুমকি দেন বলে পুলিশ জানিয়েছে।