উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি মেয়াদের শাস্তিযোগ্য মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার দেশে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই ট্রাইব্যুনালগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে চলমান ও বিচারাধীন মামলাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানান্তর করা হবে। ঢাকা জেলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার মামলার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকা মহানগরের পল্লবী, কাফরুল ও মিরপুর এলাকার জন্য ঢাকা মহানগর-১ এবং কলাবাগান ও ধানমন্ডির জন্য ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়া মতিঝিল এলাকার জন্য ঢাকা মহানগর-৩ এবং উত্তরা এলাকার মামলার জন্য পৃথক আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর ও যশোরেও এক বা একাধিক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।