উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৈরি পোশাক শিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু তৈরি পোশাক খাতের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে কাট-অফ টাইম আগের চেয়ে বাড়িয়ে পরের দিন সকাল সাড়ে ৭টা করা হয়েছে। অন্যদিকে রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে এই সময় বাড়িয়ে পরের রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্টাফিং করা কনটেইনারের ডকুমেন্টেশন ও অনুমোদনের জন্য দিনের জোয়ারের ক্ষেত্রে দুপুর ২টা পর্যন্ত এবং রাতের জোয়ারের ক্ষেত্রে রাত ১২টা পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ যথাসময়ে ছাড়ার সুবিধার্থে নির্ধারিত সেইলিং সময়ের ৩ ঘণ্টা আগে বন্দরের কনটেইনার গেট-ইন সময়সীমা শেষ হবে। এই সিদ্ধান্ত গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।