উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিলটি সংসদে পেশ করা হয় এবং পর্যালোচনার জন্য চার কার্যদিবসের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, র্যাব বিলুপ্ত হলেও এর জনবল, ক্ষমতা, সম্পদ এবং চলমান মামলার দায়ভার নতুন এসআরবিতে স্থানান্তরিত হবে। বিরোধী দলের পক্ষ থেকে এই বিলের তীব্র বিরোধিতা করে বলা হয়েছে, নতুন মোড়কে পুরনো বাহিনীকেই ফিরিয়ে আনা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিশ্রুতি ও জনমতের পরিপন্থী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিতর্কের জবাবে জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী র্যাব বিলুপ্ত করা হচ্ছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠন করা হচ্ছে। তিনি দাবি করেন, নতুন এই ইউনিটে জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিরোধী দলকে স্থায়ী কমিটিতে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানান।
একই দিনে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ নামে আরেকটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। নতুন এই আইনে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের পাশাপাশি তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করা হয়েছে, যা পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।