উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫) রয়েছেন এবং অপর একজন শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত ৩১ আগস্ট পাসপোর্ট ও ওমরাহর কাগজপত্র দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে সোহানা কৌশলে তাকে শয়নকক্ষে নিয়ে গেলে চক্রের অন্য সদস্যরা তাকে মারধর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।
এই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে নগদ দুই লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ ও নগদের মাধ্যমে আরও দুই লাখ ১০ হাজার টাকাসহ মোট পাঁচ লাখ টাকা আদায় করে চক্রটি।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আহম্মেদনগরের বিভিন্ন বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা, ব্যাংকের ডিপোজিট স্লিপ ও বেশ কিছু স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।