উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদেশি দূতদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। এই ব্রিফিংয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২৫৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রমের হালনাগাদ তথ্যের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দায় সবচেয়ে কম হওয়া সত্ত্বেও নেপালকে এর চরম খেসারত দিতে হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দাতব্য সহায়তার পরিবর্তে ক্ষয়ক্ষতি ও লোকসানের ক্ষতিপূরণ হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রধান দূষণকারী দেশগুলোর উচিত নেপাল ও বাংলাদেশের মতো দেশগুলোর অবকাঠামো উন্নয়নে সহায়তা করা।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ ও নীরবতা পালনের বিষয়টিও তিনি ব্রিফিংয়ে অবহিত করেন।