উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কম্পিউটারভিত্তিক ইন্টারলকিং (সিবিআই) সিগন্যাল ব্যবস্থায় হঠাৎ ত্রুটি দেখা দেয়। এতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটে এবং ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে হয়। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে সিস্টেমটি পুনরায় সচল হয়।
এই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকায় আসা অন্তত ১৮টি ট্রেনের সময়সূচি এলোমেলো হয়ে যায়। ট্রেনগুলো নির্ধারিত সময়ের তুলনায় ২৫ মিনিট থেকে ২ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত দেরিতে চলাচল করে। এ ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
রেলওয়ের প্রাথমিক ধারণা অনুযায়ী, সিগন্যাল বিভাগের সফটওয়্যারে ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছিল, যা পরে সফটওয়্যার পুনরায় ইনস্টল করে সমাধান করা হয়। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান জানিয়েছেন, ঘটনার বিস্তারিত কারণ জানতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।