উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।
নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতি আইন মেনে চলা এবং দেশটির সরকারের দেওয়া সকল নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যেকোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ছবি ও ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।