উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন।
বিলটি উত্থাপনের সময় নতুন বাহিনীর প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা নিয়ে সংসদে প্রাণবন্ত বিতর্ক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার ক্রাইম, জুয়া ও মাদকের মতো অপরাধ দমনে পুলিশের অধীনে একটি অত্যাধুনিক এলিট ফোর্স প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, নতুন এই বাহিনীতে জবাবদিহি নিশ্চিত করতে মানবাধিকার কর্মী ও জুডিশিয়াল কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ কমিটি রাখা হয়েছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান র্যাব বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানালেও নতুন বাহিনী নিয়ে গভীর উদ্বেগের কথা জানান। তিনি বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কারণে জাতি এখনো ট্রমাটাইজড। তিনি নতুন বাহিনী যেন কেবল নামসর্বস্ব বা পোশাক পরিবর্তন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সংসদীয় কমিটিতে বিলটি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তত তিন থেকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হবে এবং সেখানে বিরোধী দলসহ সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনে বিলটির সংশোধনী আনা হবে।