উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউ ইয়র্কে যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। একই অনুষ্ঠানে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গত বুধবার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই সভার উদ্যোগ নেয়।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম আনোয়ার ও মোতাহার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ড. সুকমল বড়ুয়া তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের কথা স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের পর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুশাসন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০২৬ সালের নির্বাচনে দলের জয়ের প্রত্যাশা ব্যক্ত করে তিনি তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতির পথ ধরেই আধুনিক বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছিল। সেই আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করেই তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।